রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ভারতীয় স্যালাইন | Daily AjKaler Kontho

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ভারতীয় স্যালাইন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ভারতীয় স্যালাইন

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : রায়পুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্বপ্রাপ্ত এক নার্স ও এক ওয়ার্ড বয় ভুলবশত তিন মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন রোগীদের শরীরে পুশ করেন। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়।

ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. খালেদ তাৎক্ষণিক ব্যবস্থা নেন। তিনি আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার পর ক্ষুব্ধ রোগী ও স্বজনরা অভিযোগ করে বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যালাইন ব্যবহার করে আমাদের জীবনের ঝুঁকি বাড়ানো হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।”

রায়পুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ওষুধ সংরক্ষণ ও সরবরাহে আরও কঠোর নজরদারি প্রয়োজন। নইলে এ ধরনের অব্যবস্থাপনা রোগীদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

আজকালের কন্ঠ/আর বি/জে