
জাবি প্রতিনিধি : ভোটগ্রহণের পর একরাত পেরিয়ে গেলেও শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। ভোট গণনা শেষে ফলাফল পেতে বিকেল গড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হয় ১০ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন।
সরেজমিনে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আনুষ্ঠানিক ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাত ১০টায় শুরু হয় ভোট গণনা। ওএমআর মেশিন নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় হাতেই গণনা করতে হচ্ছে ভোট। এতে দীর্ঘসময় ধরে কেন্দ্রীয় সংসদের ২৫ এবং হল সংসদের ১৫টি ভোট গণনায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা যায়, ২১টি হলের ভোট গণনা প্রায় শেষের দিকে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।
জাকসু নির্বাচন কমিশন সদস্য ড. লুৎফুল এলাহী জানান, ভোট গণনা শেষ করতে বিকেল গড়াবে। তবে দ্রুত শেষ করতে অভিজ্ঞ লোকবল আনার চিন্তা করছে কমিশন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :