উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা | Daily AjKaler Kontho

উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। পাশাপাশি উপহারও পাঠান তিনি।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই জানান হাসনাত।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।’

এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও একে অপরের বিরুদ্ধে সমালোচনা চলে।

বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গও তোলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা। আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।’

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

আজকালের কন্ঠ/আর বি