আগামী কাল নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলন | Daily AjKaler Kontho

আগামী কাল নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
আগামী কাল নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলন

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : রাত পোহালেই নেত্রকোনা জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেত্রকোনা জেলার পুরো শহরে বিরাজ করছে সাজসাজ রব। প্রার্থীদের স্বপক্ষে পোস্টার, ব্যানার, তোড়ন শোভা পাচ্ছে প্রধান রাস্তা, রাস্তার মোড় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। সম্মেলনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা ছিল চোখে পড়ার মত। প্রচারনার শুরু থেকেই প্রার্থীসহ অন্যান্য বড় বড় নেতাদের জেলার প্রতিটি উপজেলার সর্বত্র ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে দেখা গেছে।

জানা গেছে এবারের নির্বাচনে দুটি পদে মোট ৫জন প্রার্থী অংশগ্রহণ করছেন। সভাপতি পদে দুই প্রার্থীর মাঝে বর্তমান জেলা কমিটির আহবায়ক ডা: আনোয়ারুল হক লড়ছেন ছাতা প্রতীক নিয়ে । একই পদে নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক লড়ছেন চেয়ার প্রতীক নিয়ে।

সাধারন সম্পাদক পদে তিনজন প্রার্থীর মাঝে জেলা বিএনপির বতর্মান সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী লড়ছেন মাছ প্রতীক নিয়ে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে। আর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি লড়ছেন গরুর গাড়ি প্রতীক নিয়ে।

নির্বাচনে নেত্রকোনা জেলার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভায় প্রত্যেকটিতে ১০১জন করে মোট ১৫১৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব, এডভোকেট এম এ আওয়াল সেলিম।

আগামীকাল শনিবার দুপর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার মোক্তার পাড়া মাঠে স্থাপিত ভোট কেন্দ্রে ভোটগ্রহন চলবে। তার আগে সকাল থেকে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বলে সম্মলেন সুত্রে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর বি