
আন্তর্জাতিক ডেস্ক : কনসার্টে সহকর্মীর সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার থেকে পদত্যাগ করেছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরন।
‘অ্যাস্ট্রোনোমার’ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।
লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে ‘অ্যাস্ট্রোনোমার’ জানায়, ‘অ্যান্ডি বায়রন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বোর্ড তা গ্রহণ করেছে।’
পোস্টে আরও বলা হয়, প্রতিষ্ঠার শুরু থেকেই অ্যাস্ট্রোনোমার যে মূল্যবোধ আর সংস্কৃতির ওপর দাঁড়িয়ে, আমরা সেই জায়গাগুলোতে দৃঢ়। আমাদের কর্মকর্তাদের আচরণ ও দায়বদ্ধতায় উদাহরণ তৈরি করতে হয়। সম্প্রতি সেই মানদণ্ড রক্ষা হয়নি।
ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে গত বুধবার রাতে কোল্ডপ্লের ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে থাকা বিশাল পর্দায় (স্ক্রিন) হঠাৎ একজন নারী ও একজন পুরুষকে দেখতে পাওয়া যায়। তারা একে অপরকে আলিঙ্গন করেছিলেন।
সেকেন্ডের ব্যবধানে বিষয়টি বুঝতে পেরে তারা ক্যামেরা থেকে মুখ সরিয়ে নেন।
দ্রুত দুজনকে মুখ লুকাতে দেখে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন দর্শকদের উদ্দেশে বলে ওঠেন, ‘ওরা হয়তো প্রেমের সর্ম্পকে আছে, নয়তো খুবই লাজুক।’
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পোস্ট করা প্রথম ভিডিওটি কয়েক লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি পরে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে, মিমে পরিণত হয় এবং টেলিভিশন শোতেও ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :