গুম,খুন,হত্যাসহ এমন কোন অপরাধ নাই যা ফ্যাসিষ্ট শেখ হাসিনা'র সরকার করেনি: নাহিদ ইসলাম | Daily AjKaler Kontho

গুম,খুন,হত্যাসহ এমন কোন অপরাধ নাই যা ফ্যাসিষ্ট শেখ হাসিনা’র সরকার করেনি: নাহিদ ইসলাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
গুম,খুন,হত্যাসহ এমন কোন অপরাধ নাই যা ফ্যাসিষ্ট শেখ হাসিনা’র সরকার করেনি: নাহিদ ইসলাম

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ১৩ তম দিনে রবিবার (১৩ জুলাই) জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার আয়োজনে পথসভা ও মিছিলের আয়োজন করা হয়।

সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় নেতা কর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেইট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয় ।

সভায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোন অপকর্ম নাই যা ফ্যাসিস্ট সরকার করে নাই। তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ফলে মানুষ রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি নাই পিরোজপুরে মাদক,চাঁদাবাজি থাকবে। আমরা এসেছি আপনাদের কাছে নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। আমরা ঝড়-বৃষ্টি ও সকল বাধা উপেক্ষা করে প্রত্যেক জেলায় ছুটে যাব।”

পথ সভায় আরো উপস্থিত ছিলেন আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কেন্দ্রীয় কমিটি, সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কেন্দ্রীয় কমিটি, ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি/না