অবশেষে নিষেধাজ্ঞা ঘুচল ফাওয়াদ খানের | Daily AjKaler Kontho

অবশেষে নিষেধাজ্ঞা ঘুচল ফাওয়াদ খানের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৪, ৩:১৫ অপরাহ্ন
অবশেষে নিষেধাজ্ঞা ঘুচল ফাওয়াদ খানের

বিনোদন ডেস্ক : বলিউডে পাকিস্তানি শিল্পীরা নিষিদ্ধ হওয়ায় মন ভেঙেছিল অনেক ভক্তেরই। তারপর থেকেই পুনরায় তাদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছিলেন ভক্তরা। নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বলিউডে প্রথম প্রত্যাবর্তন হয় আতিফ আসলামের।এবার সেই পথ অনুসরণ করেই বলিউডে ফিরছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।

৮ বছরের বিরতি শেষে বলিউডে ফিরছেন এই অভিনেতা। এর আগে ‘খুবসুরত’, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এবার বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধে বলিউড সিনেমায় আসছেন ফাওয়াদ। চলতি বছরের সেপ্টেম্বরে লন্ডনে শুরু হবে সিনেমাটির শুটিং। ইতোমধ্যে প্রি-প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছে। যদিও এখনই সিনেমাটি নিয়ে খুব একটা মুখ খুলতে চাচ্ছেন না ফাওয়াদ কিংবা নির্মাতারা। আপাতত এ নিয়ে গোপনীয়তা বজায় রাখার নির্দেশ রয়েছে প্রযোজনা সংস্থার।

গেল বছরের নভেম্বরে পাকিস্তানের শিল্পীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত। সেই ধারাবাহিকতায় একে একে বলিউডে ফিরছেন পাকিস্তানি শিল্পীরা।

পুলওয়ামা কাণ্ডের পর থেকেই বলিউডে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির চলচ্চিত্র সংগঠন। তবে সুপ্রীম কোর্টের রায়ে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও কোনো পাকিস্তানি শিল্পীকে ভারতীয় চলচ্চিত্রে খুব একটা কাজ করতে দেখা যায়নি।