ডিগবাজি নিয়ে প্রতিযোগিতা | Daily AjKaler Kontho

ডিগবাজি নিয়ে প্রতিযোগিতা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ৮:০৩ অপরাহ্ন
ডিগবাজি নিয়ে প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। নানা সময় নানা কারণে সংবাদের শিরোনামে আসেন এই অভিনেতা। গেল বছর একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে যান তিনি। আর সেটি পূরণ করেন একটি ডিগবাজি দিয়ে। এরপর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল জায়েদ খানের ডিগবাজি। এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে। তবে এই ডিগবাজির জন্য অনেক সমালোচনারও শিকার হয়েছেন তিনি।

জায়েদ খানের ডিগবাজি নিয়ে এবার প্রতিযোগিতার আয়োজন করেছে তারই এলাকার মানুষজন। নায়কের গ্রামের বাড়ি পিরোজপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় অনেকেই। আর বিজয়ী একজনকে দেওয়া হয় একটি মোবাইল ফোন। এমন একটি ভিডিও ফেসবুক দাপিয়ে বেড়াচ্ছে। যা এসেছে জায়েদ খানের নজরেও।

এ প্রসঙ্গে নায়কের ভাষ্য, এলাকার মানুষ আমাকে ভালোবাসে। আমার ডিগবাজির খবর পৌঁছে গেছে তাদের কাছেও। ডিগবাজির প্রতিযোগিতা করে তারা আমাকে সম্মানিত করেছে। বরাবরের মতো আমি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ।

এদিকে, ডিগবাজি নিয়ে গেল বছরই গণমাধ্যমকে জায়েদ খান বলেন, স্টেজে নাচতে গিয়ে দেখি স্টেপ ভুলে গেছি। তখন তা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। চুরি করার জন্যই এটি করেছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। এখন দেখি সেটা হিট হয়েছে। এটার ধারাবাহিকতা এখনও চলছে। এটি এখন আমার সিগনেচার স্টেপও হয়ে গেছে। যেখানে যাই সবাই এটাই চায়, আমিও দেই।