সোমালি জলদস্যুদের কবল থেকে ২৩ জন উদ্ধার | Daily AjKaler Kontho

সোমালি জলদস্যুদের কবল থেকে ২৩ জন উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ৯:৩৪ পূর্বাহ্ন
সোমালি জলদস্যুদের কবল থেকে ২৩ জন উদ্ধার

অনলাইন ডেস্ক : আরব সাগরে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে জলদস্যুদের কবল থেকে ২৩ জনকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পাকিস্তানের নাগরিক।

শুক্রবার (২৯ মার্চ) ভারতীয় নৌবাহিনীর একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইরানের ওই নৌকায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। নৌকাটি ইয়েমেনের সোকোট্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এক বিবৃতিতে বাহিনীটির পক্ষ থেকে বলা হয়, ২৮ শে মার্চ সন্ধ্যায় একটি ইরানি মাছ ধরার নৌকা আল-কাম্বার ৭৮৬-এ একটি জলদস্যুতার ঘটনা জানার পর দুটি ভারতীয় নৌ জাহাজ অভিযান চালায়। ১২ ঘন্টারও বেশি সময় ধরে প্রয়োগ করা প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপের কারণে জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এসময় ২৩ পাকিস্তানি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে পরে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে যাতে সেটি স্বাভাবিক মাছ ধরার কার্যক্রম আবার শুরু করতে পারে।

প্রসঙ্গত, আরব সাগরে বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন জাহাজ এবং নৌকাকে সোমালি জলদস্যুদের হামলার কবলে পড়তে হয়েছে। বেশ কয়েক বছর পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এই দস্যুরা।