আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত | Daily AjKaler Kontho

আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

আজকালের কন্ঠ ডেস্ক : রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। ফলে আজই জানা যাবে, রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকবে কি না।

মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য রয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহীমের চেম্বার জজ আদালত গতকাল সোমবার (১১ মার্চ) হাইকোর্টের দেওয়া আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি। আদালত এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য মঙ্গলবার (১২ মার্চ) দিন ঠিক করেন।

আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ (এসকে) মুহাম্মদ মোর্শেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।

এর আগে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় সেটি চেম্বার জজ আদালতে শুনানি হয়।

রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেহেতু হাইকোর্টের দেওয়া আদেশ বলবৎ আছে, তাই বিদ্যালয় খোলা রাখার বিষয়ে তারা কোনো নির্দেশনা দেবেন না। যেহেতু মঙ্গলবার এ বিষয়ে আদালত রায় দেবেন, তারা আশা করছেন এদিনই এটির চূড়ান্ত নিষ্পত্তি হবে। যেহেতু চাঁদ দেখা গেছে, তাই মঙ্গলবার যথারীতি ক্লাস বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে আদালতের আদেশ মানতে হবে।

আদালতের আদেশ যেহেতু এখন পর্যন্ত বন্ধ রাখার পক্ষে, সুতরাং রোজার প্রথমদিন স্কুল বন্ধ থাকবে বলে মনে করছেন তারা।