রাজনীতিকে বিদায় দিলেন নুসরাত | Daily AjKaler Kontho

রাজনীতিকে বিদায় দিলেন নুসরাত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন
রাজনীতিকে বিদায় দিলেন নুসরাত

বিনোদন ডেস্ক : ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশী নেতাদের মনে। এ বছরই ভারতের লোকসভা নির্বাচন। টালিউড নায়িকা নুসরাত জাহান এতদিন অভিনয়ের পাশাপাশি রাজনীতিও সামলেছেন। এবারের লোকসভা নির্বাচনের আগেই সংসদের শেষদিনে তাকে একটি বিশেষ পোস্ট করতে দেখা যায়।

অভিনেত্রী সাংসদের পোস্ট করা এই ভিডিওতে তাকে বাংলার মানুষের হয়ে কথা বলতে শোনা যায়। তিনি এদিন ১০০ দিনের মনরোগা স্কিমের আওতায় কাজ করা কর্মীদের বকেয়া টাকা নিয়েও কথা বলেন। সেই মুহূর্তের ক্লিপ পোস্ট করে এদিন একটি আবেগঘন বার্তা লেখেন নুসরাত।

নুসরাত লেখেন, সংসদে আমার শেষ দিন। ঈশ্বর এবং আমাদের সম্মানীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য, তাদের হয়ে কথা বলতে সুযোগ পাওয়ার জন্য। বিশেষ করে বসিরহাট নির্বাচনী এলাকার মানুষের হয়ে কথা বলতে পারার জন্য। সবাইকে ধন্যবাদ ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য।

অনেকেই তার এই পোস্ট দেখে এদিন উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞেস করেন তিনি কি তবে আর ভোটে দাঁড়াচ্ছেন না? নাকি টিকিট পাচ্ছেন না? যদিও এই উত্তরগুলো এখনই পাওয়া যায়নি। আগামীতে সেই বিষয়টি স্পষ্ট হবে যে, তিনি রাজনীতি থেকে সরে এলেন কিনা।

নুসরাতের প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু।’ এতে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। অভিষেক সেই সিনেমার মতোই এরপর তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে চলচ্চিত্র ও রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই এমন একের পর এক ‘শত্রু’-‘শত্রু’ খেলায় কেটে যাচ্ছে। ইতোমধ্যে চলচ্চিত্রের ক্যারিয়ারও তার পেরিয়ে গেছে এক যুগেরও বেশি। প্রেম আর রাজনীতি এই দুই নিয়েই রসাতলে গেল তার চলচ্চিত্রের ক্যারিয়ার।