ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ | Daily AjKaler Kontho

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৯


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৪, ৯:৪৮ পূর্বাহ্ন
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে।

একটি ডাবল ডেকার বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা আরও জানায়, বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিলো। দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন আরোহী ছিলো। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়। সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘১৯টি মৃতদেহ গণনা করা হয়েছে। দেহাবশেষ শনাক্ত করতে সময় লাগবে।’

গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও ৩৬ যাত্রী। একই মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হন ১৮ জন। এর আগে গত বছরের জুলাই মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।

এছাড়া একই বছরের এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ার পর ১৮ জন মারা গিয়েছিলেন। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই ছিলেন অভিবাসী।

এছাড়া ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন। সূত্র: রয়টার্স, এএফপি