বিএনপি সন্ত্রাসী ও খুনিদের দলে পরিণত হয়েছে : নানক | Daily AjKaler Kontho

বিএনপি সন্ত্রাসী ও খুনিদের দলে পরিণত হয়েছে : নানক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন
বিএনপি সন্ত্রাসী ও খুনিদের দলে পরিণত হয়েছে : নানক

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচন বর্জনের মধ্যদিয়ে বিএনপি দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে এখন সন্ত্রাসী ও খুনিদের দলে পরিণত হয়েছে।

গতকাল বুধবার (৩ জানুয়ারি) দুপুরে নির্বাচনী গণসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। রাজধানীর রায়ের বাজারের উত্তর সিটির ৩৪ নম্বর ওয়ার্ডের রহিম ব্যাপারী ঘাট থেকে গণসংযোগ শুরু করেন তিনি। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলে এই গণসংযোগ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, খুবই সন্নিকটে ভোটের দিন। ঢাকা-১৩ আসনের মতো সারা দেশে ভোটের উৎসব লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের বর্তমান এমপি সাদেক খান, স্থানীয় কাউন্সিলরসহ ৩৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।