
আজকালের কন্ঠ ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।
মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাপুয়া নিউগিনির উত্তর উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
এএফপি বলছে, ভূমিকম্পটি উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে আঘাত হানে। এটি প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটির ইস্ট সেপিক প্রদেশের রাজধানী উইকাক শহর থেকে অল্প দূরত্বে অবস্থিত।
এর আগে ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সে সময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আপনার মতামত লিখুন :