১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল : হাছান মাহমুদ | Daily AjKaler Kontho

১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল : হাছান মাহমুদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৩:৩১ অপরাহ্ন
১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল : হাছান মাহমুদ

আজকালের কন্ঠ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানান ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা ‘ভুল’। এমন ভুল সংবাদের জন্য সেই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে বলে জানান তিনি।

রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী।

যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি গাজায় হামলা-বর্বরতা নিয়ে এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি। বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে। এই সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

বিএনপি শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষান্ত নয়, তারা গুজবও রটাচ্ছে দাবি করে তিনি বলেন, যারা বিদেশে বসে এসব গুজব ছড়াচ্ছে, তাদের সেই দেশেই আইনের আওতায় আনা হবে। সেইসব দেশে বাংলাদেশের হাইকমিশনের সাথে যোগাযোগ করছে সরকার। একইসঙ্গে সেই দেশের বাঙালি কমিউনিটিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।