স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : জাহিদ মালেক | Daily AjKaler Kontho

স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : জাহিদ মালেক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ৪:৩৮ অপরাহ্ন
স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : জাহিদ মালেক

রাজশাহী প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোনো স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সঠিক নিয়মে সেবা না দিলে তাদের কাজ করতে দেবো না। মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার রাজশাহী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জেলা সদর হাসপাতাল দ্রুত চালু করা হবে। এরই মধ্যে অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। এখন জনবল ও মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ও প্রতি বেডে মেডিকেল অক্সিজেন সুবিধাসহ অত্যাধুনিক সব ধরনের সুবিধা থাকবে।

তিনি আরো বলেন, দেশের ৬০ শতাংশ রোগীর স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সরকারি হাসপাতালগুলো। বাকি ৪০ শতাংশ স্বাস্থ্যসেবা বেসরকারিভাবে হয়। সরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসাসহ খাবারের ব্যবস্থা করা হচ্ছে। অনেকে বেসরকারি হাসপাতাল ও দেশের বাইরে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। এ কারণে স্বাস্থ্যসেবায় ব্যক্তি কেন্দ্রিক ব্যয় বাড়তে পারে।

জাহিদ মালেক বলেন, যেসব হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম পাওয়া যাবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সবাইকে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আজকালের কন্ঠ /রাকিব