কেকের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ | Daily AjKaler Kontho

কেকের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২২, ৫:১৯ অপরাহ্ন
কেকের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের প্রয়াণে সুরের ভুবনে নেমে এসেছে শোকের ছায়া। ইতোমধ্যে গায়কের মৃত্যুতে কলকাতার নিউ মার্কেট থানায় মামলা হয়েছে।

কলকাতার অনুষ্ঠানে যারা কেকের সঙ্গী হয়ে এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন। প্রয়াত গায়ক যে হোটেলে উঠেছিলেন ওই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও নজরুল মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

হাসপাতালের চিকিৎসকরা আগেই জানান, গায়ককে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিলো। তাদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন কেকে।

পুলিশ সূত্রের খবর, কেকের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। তার মৃত্যুর আসল কারণ জানতেই এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে।

এদিকে স্বামীর মরদেহ নিতে এদিন (বুধবার) সকালেই কলকাতায় এসে পৌঁছেছেন কেকের স্ত্রী ও পুত্র। ময়নাতদন্ত শেষ হলেই গায়কের মরদেহ নিয়ে মুম্বাই ফিরবেন তারা। তবে শেষকৃত্য কোথায় হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, নব্বই দশক থেকে শুরু করে বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কেকে। তার গাওয়া গানগুলো শ্রোতামহলে এখনও বেশ জনপ্রিয়। তবে এই শিল্পীর জীবনের শেষ গানের স্মৃতি হয়ে রইলো কলকাতা।