এমপির বরাদ্দের ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অলিউল ইসলাম | Daily AjKaler Kontho

এমপির বরাদ্দের ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অলিউল ইসলাম


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৬, ৭:২১ অপরাহ্ন
এমপির বরাদ্দের ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অলিউল ইসলাম

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ফুটবল দেবহাটার পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব ফুটবল বিতরণ করা হয়।

ফুটবল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।

এ সময় তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিটি ইউনিয়ন ও গ্রামে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়নে যে বরাদ্দ ও ক্রীড়া সামগ্রী দেওয়া হচ্ছে, তা সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদের যুবসমাজকে আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এতে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এইচ এম ইমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক সোহারাব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফুটবল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় যুব ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আজকালের কন্ঠ/আর বি