ঝালকাঠিতে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ ১১ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ ১১ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
ঝালকাঠিতে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ ১১ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১১ দলীয় ঐক্যজোটের নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।

তাঁরা আরও বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে নেতারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি