
মাদকসংক্রান্ত অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস হওয়ার পর পটুয়াখালীর বাউফল শহরে মাইকিং করে প্রচারণা চালিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। এ প্রচারণা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
শুক্রবার (১৭ জুলাই) থেকে তার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইকে (টমটম) মাইক লাগিয়ে আইনটি সম্পর্কে প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে আইনটি পাস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে মাইকিংয়ের একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, ইজিবাইকে বড় মাইক বেঁধে শহরের বিভিন্ন এলাকায় নতুন আইন পাসের বিষয়টি প্রচার করা হচ্ছে। প্রচারণায় এবং ফেসবুক লাইভের ক্যাপশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাদকের বিস্তার রোধে দীর্ঘদিন ধরেই কঠোর আইনের দাবি ছিল। নতুন আইন কার্যকরভাবে বাস্তবায়িত হলে মাদক চোরাচালান ও সেবন কমে আসবে বলে তারা আশা করছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন বলেন, ‘মাদক সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে মহান জাতীয় সংসদে এই ঐতিহাসিক মাদকবিরোধী আইন পাস হওয়া একটি মাইলফলক। এই যুগান্তকারী পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে এই আইন বাস্তবায়নে সহযোগিতা করি এবং আমাদের সমাজকে সম্পূর্ণ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলি।’
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :