বেসরকারি হাসপাতালে সিজারিয়ান প্রসবের হার ৮৬ শতাংশ, উদ্বেগ প্রকাশ | Daily AjKaler Kontho

বেসরকারি হাসপাতালে সিজারিয়ান প্রসবের হার ৮৬ শতাংশ, উদ্বেগ প্রকাশ


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
বেসরকারি হাসপাতালে সিজারিয়ান প্রসবের হার ৮৬ শতাংশ, উদ্বেগ প্রকাশ

চিকিৎসাগত প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কমিয়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

মঙ্গলবার (১৪ জুলাই ) সকাল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশে বেসরকারি হাসপাতালে সিজারিয়ান প্রসবের হার প্রায় ৮৬ শতাংশে পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসাগত প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব মা ও নবজাতকের জন্য অপ্রয়োজনীয় স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ প্রবণতা রোধে চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রমাণভিত্তিক চিকিৎসা, দক্ষ প্রসূতি সেবা এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কেবল চিকিৎসাগত প্রয়োজন দেখা দিলেই সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমাতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় তদারকি জোরদার করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় সিজারিয়ান নিরুৎসাহিত করতে কার্যকর নীতিমালা বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি