
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে এক কিশোরীকে টিটেনাস (টিটি) ইনজেকশনের পরিবর্তে জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত ইনজেকশন প্রয়োগের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ এবং দৈনিক আজকালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় দীপ্ত মেডিকেল হল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দুইটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার পরিচালিত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারায় দীপ্ত মেডিকেল হল-কে ২০ হাজার টাকা এবং ৪০(গ) ধারায় রিয়াদ ফার্মেসি-কে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে দীপ্ত মেডিকেল হল সাময়িকভাবে বন্ধ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি গাজীনগর বাজারের দীপ্ত মেডিকেল হলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে টিটেনাস (টিটি) ইনজেকশনের পরিবর্তে জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত ‘সোমা-জেক্ট’ ইনজেকশন প্রয়োগের অভিযোগ ওঠে। ইনজেকশন প্রয়োগের পর কিশোরী অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ওষুধ বিক্রিতে অনিয়ম, লাইসেন্সবিহীন কার্যক্রম এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :