
আদর্শিক, নৈতিক ও দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‘কেউ না করুক, আমি করবো কাজ; আল-কুরআনের আহ্বানে, দ্বীন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শিক্ষা শিবিরে আত্মশুদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) ভোলায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নায়েবে আমীর মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা জামায়াতের আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর, ভোলা-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানের সূচনায় দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, IBWF-এর জেলা সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ মাওলানা মোঃ এস. এম. ওয়ালীউল্লাহ।
ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় চার শতাধিক কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে ব্যক্তিগত চরিত্র গঠন, আল্লাহভীতি, তাকওয়া, সময়ানুবর্তিতা, সাংগঠনিক শৃঙ্খলা, দক্ষতা অর্জন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আত্মপ্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নৈতিকভাবে দৃঢ়, জ্ঞানসমৃদ্ধ ও মানবকল্যাণে নিবেদিত কর্মীবাহিনীই একটি সুন্দর সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রধান শক্তি। ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনের যে শিক্ষা ইসলামের মূল চেতনা, তা বাস্তবায়নে প্রতিটি কর্মীকে আত্মশুদ্ধি, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবির শেষে অংশগ্রহণকারীরা ইসলামী আদর্শে নিজেদের আরও দক্ষ, সুশৃঙ্খল ও জনকল্যাণে নিবেদিত কর্মী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :