নিহত সানজিদার বাড়িতে এমপি এটিএম আজহারুল ইসলামের আগমন, আর্থিক অনুদান প্রদান | Daily AjKaler Kontho

নিহত সানজিদার বাড়িতে এমপি এটিএম আজহারুল ইসলামের আগমন, আর্থিক অনুদান প্রদান


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নিহত সানজিদার বাড়িতে এমপি এটিএম আজহারুল ইসলামের আগমন, আর্থিক অনুদান প্রদান

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে নিহত শিশু সানজিদার পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে যান রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার (২ জুলাই) সাড়ে ৩ টার সময় তিনি সানজিদার কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, “সংসদের অধিবেশন চলার কারণে আমি আগে আসতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি ও উপজেলা আমিরের মাধ্যমে সার্বক্ষণিক ঘটনার খোঁজখবর নিয়েছি। সানজিদা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনিক কোনো গাফিলতি থেকে থাকলে বিষয়টি আমি দেখব।”

এ সময় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, তাঁর আগমন ও আশ্বাসে তারা আশ্বস্ত হয়েছেন। তারা সানজিদা হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১৯ জুন শিশু সানজিদা বাড়ির পাশের শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন ২০ জুন তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি ক্যানেলের পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মুজাহিদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।