
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রায়পুর পৌর শহরের ওসমান চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় ওসমান চত্বরে এসে শেষ হয়। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন আরমান। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল তার কঠোর রাজনৈতিক জবাব দেবে।”
তিনি আরও বলেন, “বিদেশিদের ইন্ধনে আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে অপরাজনীতি করার চেষ্টা করছে। রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই। যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা সবসময় মাঠে আছি।”
সমাবেশে বক্তারা বলেন, অপপ্রচার, বিভ্রান্তি ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধ রয়েছে এবং যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকবর হোসেন সম্রাট, রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক নুর-ই-হেলাল মামুনসহ উপজেলা ও পৌর যুবদল, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :