হিজাব নিয়ে এমপি মনিরুল হকের বক্তব্যের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ | Daily AjKaler Kontho

হিজাব নিয়ে এমপি মনিরুল হকের বক্তব্যের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ


জাবি প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
হিজাব নিয়ে এমপি মনিরুল হকের বক্তব্যের প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ

জাতীয় সংসদে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মনিরুল হক কর্তৃক হিজাব নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (১৪ জুন) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা “হিজাব নারীর অধিকার; কেড়ে নেয়ার সাধ্য কার”, “হিজাব নিকাবের অপনমান; সইবে নারে মুসলমান” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে জাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম বলেন, “হিজাব, নিকাব ও বোরকা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি, ধর্মীয় পরিচয় ও মর্যাদাবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হকের নারীর পোশাক নিয়ে করা মন্তব্যকে আমরা অত্যন্ত অনভিপ্রেত ও অসম্মানজনক বলে মনে করি এবং এর তীব্র নিন্দা জানাই।”

তিনি বলেন, আমরা মনে করি কোনো নারীকে তার পোশাকের কারণে হেয় বা কটাক্ষ করা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা দাবি জানাই, এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় নারী শিক্ষার্থীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দকে সম্মান করার সংস্কৃতি নিশ্চিত করতে হবে বলেও জানান মাজহার।

জাবি শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাফিজুর রহমান আওয়ামী ছাত্রলীগের ইসলাম বিদ্বেষের ইতিহাস তুলে ধরে বলেন, “স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ ভারত থেকে ইসলামবিদ্বেষ আমদানি করেছে। সেই ছাত্রলীগের সাবেক সভাপতিই বিএনপিতে এসে বিএনপিকেও আজ ইসলামবিদ্বেষী করে তুলেছে। আজ জাতীয় সংসদে বাজেট-পরবর্তী প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অথচ সীমান্তে চলমান পুশ-ইন সংকট এবং পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ আলোচনা বাতিল করা হয়েছে। বাজেটের দুর্বলতা, সীমান্তের অস্থিরতা এবং বিভিন্ন জাতীয় ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য পরিকল্পিতভাবে সংসদের মতো জায়গায় নারীদের হিজাব, বোরকা ও পর্দাকে অবমাননার চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, ‘বিএনপির সংসদ সদস্য মনিরুল হক বলেছেন, ‘তারা কারা, আমি তাদের চিনি না।’ কিন্তু আমরা বলতে চাই, আগস্টের পর বিএনপির নেতারা যে রাজনৈতিক অধিকার ও বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, সেই সংগ্রামে হিজাব পরিহিত অসংখ্য নারীও অংশ নিয়েছেন। হিজাব পরা নারীরা রাজপথে নেমেছেন, মিছিলে অংশ নিয়েছেন, আন্দোলনে ভূমিকা রেখেছেন। ৯০ শতাংশ মুসলমানের দেশে, মুসলমানদের করের টাকায় পরিচালিত সংসদে দাঁড়িয়ে মুসলমানদের ধর্মীয় অনুশীলন, হিজাব, বোরকা ও পর্দা নিয়ে কটাক্ষ করা বা অবমাননাকর বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এসময় এ ধরনের বক্তব্য প্রত্যাহার এবং জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান শিবির সভাপতি।”

আজকালের কন্ঠ/আর বি