ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি: ডা. ফরিদ এইচ খান | Daily AjKaler Kontho

ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি: ডা. ফরিদ এইচ খান


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি: ডা. ফরিদ এইচ খান

নিজে চিরপ্রতিদ্বন্দ্বী ‘আর্জেন্টিনা’ দলের কড়া সমর্থক। কিন্তু ঘোষণা দিয়েছেন, চেম্বারে যদি কেউ ‘ব্রাজিল’ দলের জার্সি পরে চিকিৎসা নিতে আসেন, তবে তার কাছ থেকে কোনো ভিজিট বা ফি নেওয়া হবে না। নওগাঁর রাণীনগর উপজেলার সন্তান ও ঢাকার পিজি হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের এমন ব্যতিক্রমী ফেসবুক পোস্ট নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ডা. ফরিদ এইচ খান নামের ওই চিকিৎসক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নিজের একটি ছবিসহ পোস্টের মাধ্যমে এই অভিনব অফারটি ঘোষণা করেন। ছবিতে তাকে আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় দেখা গেলেও ক্যাপশনে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসার ঘোষণা দেন। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি করে।

ডা. ফরিদ এইচ খান তার পোস্টে লেখেন, “ফ্রি! ফ্রি! ফ্রি! আগামী শুক্রবার চেম্বারে যদি কেউ ব্রাজিলের জার্সি পরে চিকিৎসা নিতে আসে তার ভিজিট ফি সম্পূর্ণ ফ্রি! ফ্রি! ফ্রি…”। একই সাথে তিনি রসিকতা করে আরও জুড়ে দেন, “ব্রাজিলকে সম্পূর্ণ ফ্রি দেওয়ার কারণ জানিতে চাহিয়া লজ্জা দিবেন না।”

খোঁজ নিয়ে জানা গেছে, ডা. ফরিদ এইচ খান (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য) বর্তমানে (পিজি হাসপাতাল) এ কর্মরত আছেন। পাশাপাশি তিনি এমএস (রেসিডেন্ট), সিসিডি (বারডেম), পিজিটি (নিউরোমেডিসিন)-সহ বিভিন্ন উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত।

নওগাঁর রাণীনগর উপজেলায় তার স্থায়ী নিবাস হওয়ায় স্থানীয় মহলে একজন মেধাবী ও দক্ষ চিকিৎসক হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। নিজের প্রিয় দল আর্জেন্টিনা হলেও, ফুটবলীয় সৌহার্দ্য ও নিছক রসিকতার ছলে অন্য দলের সমর্থকদের জন্য এমন জনবান্ধব উদ্যোগ নেওয়ায় নেটিজেনদের মাঝে তাকে নিয়ে বেশ প্রশংসা ও চর্চা হচ্ছে।

এই বিষয়ে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকে বিষয়টিকে ফুটবল খেলা নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যকার চিরাচরিত ও সুস্থ বিনোদনের অংশ হিসেবে দেখছেন। আবার অনেকে বলছেন, এই দেওয়াল-ভাঙা রসিকতার আড়ালে সাধারণ রোগীরাও কিছুটা আর্থিক সাশ্রয় পাবেন।

আজকালের কন্ঠ/আর বি