
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৯০টি পরিবারের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের দিক নির্দেশনায় এ অনুদান বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। তিনি উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঈদের আগে এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, এনায়েত হোসেন খান মনু, রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী, মহিলা দলের নেত্রী নয়ন খানমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :