নাটোরে অবৈধ পুকুর খনন: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, যন্ত্রপাতি জব্দ | Daily AjKaler Kontho

নাটোরে অবৈধ পুকুর খনন: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, যন্ত্রপাতি জব্দ


মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নাটোরে অবৈধ পুকুর খনন: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, যন্ত্রপাতি জব্দ

নাটোর সদর উপজেলা হালসা ইউনিয়নে, দত্তপাড়া পান মোকামের পাশে হিন্দু পাড়ায় অবৈধভাবে পুকুর খননের দায়ে আবু তাহের এর ছেলে মোঃ বাবু কে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ব্যাটারি, ১টি শেলু মেশিন এবং একটি ভেকুরের যন্ত্রাংশ জব্দ করা হয়। শনিবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলা হালসা ইউনিয়নে, দত্তপাড়া পান মোকামের পাশে হিন্দু পাড়া এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

জানা গেছে, করিম হাজির জমিতে অনুমতি ছাড়া পুকুর খননের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ উপস্থিত থেকে এ জরিমানা আদায় করেন এবং অবৈধ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দের নির্দেশ দেন। এসময় অভিযানে অংশ নেন আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি নষ্ট করে এ ধরনের অবৈধ পুকুর খনন পরিবেশ ও কৃষির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করা হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ খননের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আজকালের কন্ঠ/আর বি