নাটোর সদর উপজেলা হালসা ইউনিয়নে, দত্তপাড়া পান মোকামের পাশে হিন্দু পাড়ায় অবৈধভাবে পুকুর খননের দায়ে আবু তাহের এর ছেলে মোঃ বাবু কে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ব্যাটারি, ১টি শেলু মেশিন এবং একটি ভেকুরের যন্ত্রাংশ জব্দ করা হয়। শনিবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলা হালসা ইউনিয়নে, দত্তপাড়া পান মোকামের পাশে হিন্দু পাড়া এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
জানা গেছে, করিম হাজির জমিতে অনুমতি ছাড়া পুকুর খননের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ উপস্থিত থেকে এ জরিমানা আদায় করেন এবং অবৈধ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দের নির্দেশ দেন। এসময় অভিযানে অংশ নেন আনসার ব্যাটালিয়ান সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি নষ্ট করে এ ধরনের অবৈধ পুকুর খনন পরিবেশ ও কৃষির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ খননের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজকালের কন্ঠ/আর বি