আগৈলঝাড়ায় চাঁদএিশিরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় চাঁদএিশিরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


মো:আশরাফ , আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
আগৈলঝাড়ায় চাঁদএিশিরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

“আপনার রক্ত, কারো বেঁচে থাকার আশা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদএিশিরা স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে খানজাহান আলী প্রি ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। স্থানীয় অসহায় ও নিম্নআয়ের সহ এলাকার সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয় ক্লাবটি।

ক্লাবের সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাইজুল বক্তিয়ার, সাধারণ সম্পাদক মোঃ শাহিন খান এবং সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ভাট্টি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

সাধারণ সম্পাদক মোঃ শাহিন খান জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠিত চাঁদএিশিরা স্পোর্টিং ক্লাবটি সামাজিক ও মানবিক কার্যক্রমে নিয়মিত কাজ করে যাচ্ছে। গত বছরের ধারাবাহিকতায় ২০২৬ সালেও এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। বর্তমানে ক্লাবটিতে প্রায় ১৪০ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন।

ক্যাম্পে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে চিকিৎসা সেবা দেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর চিকিৎসক ডা. বিজন হালদার (এমবিবিএস, এমসিপিজি মেডিসিন) এবং দন্ত চিকিৎসক ডা. আশীষ হালদার। এছাড়া রক্ত সংগ্রহের জন্য অভিজ্ঞ সিনিয়র নার্স উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সকাল থেকেই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্যাম্পে ভিড় করেন। প্রায় ২০০ জনের বেশি মানুষ এদিন চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং সীমিত পরিসরে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা জানান, সমাজের মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সেবার পরিধি বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আজকালের কন্ঠ/আর এস