নেত্রকোণায় কামাক্ষ্যা মন্দির–এ দোলযাত্রা, ভক্তি, বর্ণিল উৎসব ও সম্প্রীতির মিলনমেলা | Daily AjKaler Kontho

নেত্রকোণায় কামাক্ষ্যা মন্দির–এ দোলযাত্রা, ভক্তি, বর্ণিল উৎসব ও সম্প্রীতির মিলনমেলা


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ২:১৯ অপরাহ্ন
নেত্রকোণায় কামাক্ষ্যা মন্দির–এ দোলযাত্রা, ভক্তি, বর্ণিল উৎসব ও সম্প্রীতির মিলনমেলা

ফাল্গুনের পূর্ণিমা তিথিতে বর্ণিল আবহে উদ্‌যাপিত হলো নেত্রকোণার ঐতিহ্যবাহী কামাক্ষ্যা মন্দিরের দোলযাত্রা। আজ সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর কীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

দোলযাত্রা উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা, আরতি ও ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। পরে দোলমঞ্চে রাধা–কৃষ্ণের বিগ্রহ স্থাপন করে ঐতিহ্য অনুযায়ী দোলানো হয়। ভক্তরা আবির–গুলালে রাঙিয়ে দেন একে অপরকে। ভক্তি আর আনন্দের এই মিলনমেলায় নারী, পুরুষ ও শিশু সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বসে অস্থায়ী মেলা। হরেক রকম মিষ্টান্ন, খেলনা ও স্থানীয় হস্তশিল্পের দোকানে ছিল উপচে পড়া ভিড়। বিকেল থেকে শুরু হয় ধর্মীয় সংগীত ও নামকীর্তন, যা সন্ধ্যা পর্যন্ত চলে। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে নেওয়া হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার।

প্রতি বছরের মতো এবারও দোলযাত্রা হয়ে উঠেছে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই আয়োজন এলাকাবাসীর কাছে এক আবেগঘন মিলনোৎসব হিসেবে বিবেচিত।

আজকালের কন্ঠ/ আর এস/এস