বাউফলে ভোটের মাঠে বিএনপির শক্তি প্রদর্শন নির্বাচনী শেষ দিনে জনসমুদ্রে রূপ নিল পাবলিক ফিল্ড | Daily AjKaler Kontho

বাউফলে ভোটের মাঠে বিএনপির শক্তি প্রদর্শন নির্বাচনী শেষ দিনে জনসমুদ্রে রূপ নিল পাবলিক ফিল্ড


মো: আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
বাউফলে ভোটের মাঠে বিএনপির শক্তি প্রদর্শন  নির্বাচনী শেষ দিনে জনসমুদ্রে রূপ নিল পাবলিক ফিল্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ দিনের নির্বাচনী প্রচারণায় পটুয়াখালীর বাউফলে বিএনপির বিশাল জনসভা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাউফল উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক ফিল্ডে আয়োজিত এ জনসভা শুরুর অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক পটুয়াখালী পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ পিনু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোয়েব হাবলু বাসরি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হক শরীফ, উপজেলা বিএনপির সদস্য সালমা আক্তার লিলি, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী বলেন,“সবার আগে বাংলাদেশ—তারেক রহমানের এই দর্শন আমাদের বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আজকের জনসমাগম আমাকে গভীরভাবে বিমোহিত করেছে। আপনারা আমাকে অতীতে উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এবারও আপনাদের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে—এই আশাবাদ রাখি।”

তিনি আরও বলেন,“১২ ফেব্রুয়ারির ভোটের দিনে সারাদিন ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শরিক হবেন—এই প্রত্যাশাই করি।”

জনসভাকে কেন্দ্র করে পুরো বাউফল উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি নেতাকর্মীরা একে আসন্ন জাতীয় নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি ও গণভিত্তির স্পষ্ট প্রতিফলন বলে মন্তব্য করেন।