শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির মিলনমেলা ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে | Daily AjKaler Kontho

শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির মিলনমেলা ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে


মোঃ জাকির হোসেন , ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ২:০৮ অপরাহ্ন
শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির মিলনমেলা ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে

শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রোববার (০৭–০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং শৃঙ্খলা, সৌহার্দ্যবোধ ও নেতৃত্বগুণ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শুভ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলারা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী, কুড়িগ্রাম। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সুস্থ মানসিকতা ও শক্তিশালী ব্যক্তিত্ব গঠনে অপরিহার্য ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ফুলবাড়ী, কুড়িগ্রাম। তিনি বলেন, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবেদ আলী খন্দকার, প্রধান শিক্ষক, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও পরিমল চন্দ্র, সিনিয়র শিক্ষক মোঃ ইকরামুল হক, মোঃ ওবায়দুল হক, মোঃ মাহবুবুল কাদের, আক্তারা বেগম, মোঃ মাহবুবুল হক সাউদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ,উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা প্রদান করা হয়। পরে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বালতিতে বল নিক্ষেপ, মশাল দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের শারীরিক সক্ষমতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

আজকালের কন্ঠ/ আর এস/জে