অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে: কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেন | Daily AjKaler Kontho

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে: কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেন


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে: কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দেশে যদি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আল্লাহর রহমত থাকে, তাহলে বিএনপি নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসবে।

তিনি বলেন, “বাংলাদেশে মূলত দুটি বড় রাজনৈতিক দল ছিল—একটি আওয়ামী লীগ ও একটি বিএনপি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। ফলে যে কোনো দিক বিবেচনায় স্পষ্ট, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ সুগম হবে।”

শুক্রবার দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, “বিএনপি যদি ক্ষমতায় যায় এবং সেই সরকারের অংশ হিসেবে আপনাদের প্রতিনিধি থাকে, তাহলে এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা অনেক সহজ হবে। তাই কলাপাড়া-রাঙ্গাবালীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগ দিন।”

তিনি অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, “২০০৪ সালের ১০ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কলাপাড়ায় এসেছিলেন। সে সময় এলাকাবাসীর পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলেও কিছু উন্নয়ন হয়েছে, কারণ তারা বুঝেছিল—উন্নয়ন ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তবে এই উন্নয়নযাত্রার সূচনা বিএনপিই করেছিল। আবারও বিএনপি ক্ষমতায় এলে কলাপাড়া ও রাঙ্গাবালীকে ঘিরে একটি উন্নয়নের রোল মডেল গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি