লক্ষ্মীপুরে ভোটার আইডি নিয়ে তর্ক, জামায়াত-বিএনপির সংঘর্ষে ১৫ আহত | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে ভোটার আইডি নিয়ে তর্ক, জামায়াত-বিএনপির সংঘর্ষে ১৫ আহত


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
লক্ষ্মীপুরে ভোটার আইডি নিয়ে তর্ক, জামায়াত-বিএনপির সংঘর্ষে ১৫ আহত

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন জামায়েত যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নং ওয়ার্ড জামায়েত সভাপতি মা. হেজবুল্লাহ সোহেল, যুব বিভাগের সহসভাপতি সাকিব হোসেন, শ্রমিক কল্যাণের নেতা এমরান হোসেন, ১ নং ওয়ার্ড জামায়েত সেক্রেটারি শাহাদাত হোসেন খোকন। এছাড়া বিএনপি নেতা মোঃ আব্দুল, মোঃ কামাল হোসেন এবং রাসেল ভুইয়াও আহত হন।

জামায়াত নেতা মা. হেজবুল্লাহ সোহেল জানান, তাদের পূর্বঘোষিত নারীদের নিয়ে সভার সময় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। “এই ঘটনায় আমাদের ১০–১২ জন নেতাকর্মী আহত হয়েছে,” তিনি বলেন।

অন্যদিকে বিএনপি নেতা সাইফুজ্জামান শরীফ বলেন, “চরশাহীতে আমাদের একটি প্রোগ্রাম চলছিল। কিছু লোক জানায় যে টিসিবি তাদের থেকে ভোটার আইডি এবং ২০ টাকা নিচ্ছে। আমরা এ নিয়ে প্রশ্ন করলে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের চারজনকে আহত করে।”

চন্দ্রগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদ আলম জানান, তিনি ঘটনার বিষয়টি জানেন না, তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি