বাউফলে উপজেলা যুবদলের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাউফলে উপজেলা যুবদলের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মো: আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
বাউফলে উপজেলা যুবদলের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় বাউফল উপজেলার সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবন সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম তালুকদার বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে যুবদলকে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়ান।

এছাড়াও সভায় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি