
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৮টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব ৮০৪ ভোট পেয়েছেন। ফলে ছাত্রদলের রাকিবের থেকে ৬ ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবিরের রিয়াজুল।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফিন্যান্স এবং লোকপ্রশাসন বিভাগে ছাত্রদলের প্রার্থী ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও বিজ্ঞান অনুষদের অনুজীব বিজ্ঞান, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিভাগে বড় লিড নিয়েছে শিবির।
ফিন্যান্স বিভাগে ছাত্রদলের রাকিব যেখানে ২৩১ ভোট পেয়েছেন, সেখানে শিবিরের রিয়াজুল পেয়েছেন ১৩৮ ভোট। তবে অনুজীব বিজ্ঞানে রিয়াজুল ৮৭ ভোট পেয়ে রাকিবকে (৪৬ ভোট) পেছনে ফেলেছেন।অন্যদিকে জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী আবদুল আলিম আরিফ বেশ কয়েকটি বিভাগে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ওএমআর মেশিনের কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার রাতে গণনা বন্ধ থাকলেও বুধবার সকাল থেকে পুরোদমে ফলাফল ঘোষণা চলছে। প্রতিটি কেন্দ্রের ফলাফল আসার সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে সমীকরণ, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বাকি ৩১টি কেন্দ্রের ফলাফলের ওপরই নির্ভর করছে জকসুর চূড়ান্ত নেতৃত্ব।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :