কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থী সোহেলের মনোনয়ন বাতিল, বিএনপি প্রার্থী কায়কোবাদের মনোনয়ন বৈধ | Daily AjKaler Kontho

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থী সোহেলের মনোনয়ন বাতিল, বিএনপি প্রার্থী কায়কোবাদের মনোনয়ন বৈধ


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থী সোহেলের মনোনয়ন বাতিল, বিএনপি প্রার্থী কায়কোবাদের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এ ঘোষণা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রার্থীর দাখিলকৃত হলফনামা অসম্পূর্ণ হওয়ায় এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ না থাকায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হলফনামায় নাগরিকত্ব সংক্রান্ত ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না—সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। এসব কারণেই ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, হলফনামা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এতে কোনো তথ্য গোপন বা অস্পষ্ট রাখা যাবে না। সব তথ্য সঠিক ও পূর্ণাঙ্গভাবে উল্লেখ করতে হয়। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

অন্যদিকে একই দিনে কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে যাচাই-বাছাই কমিটি। ফলে এই আসনে বিএনপির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে।

মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল বলেন, ছোট একটি ত্রুটির কারণে আমার প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে নির্বাচন কমিশনে আপিল করব।

উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসঙ্গতি কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

আজকালের কন্ঠ/আর বি