
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাঁর পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ওবায়দুর রহমান মনোনয়নপত্র হস্তান্তর করেন।
উপদেষ্টা পদ ছাড়ার পর সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে রামগঞ্জসহ পুরো জেলায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর প্রার্থীতা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
এদিকে একই আসনে তাঁর আপন বড় ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দলীয়ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফলে দুই ভাইয়ের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ যোগ করেছে।
মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেও কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না—তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে রাতেই দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এনসিপি কিংবা জামায়াত-এনসিপি জোটে যোগ না দেওয়ার ঘোষণা দেন।
এ আসন থেকে আরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপিতে যোগ দেওয়া সাবেক বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহ্বায়ক ও মতিঝিল ওয়ার্ডের সাবেক কমিশনার হারুন অর রশিদসহ মোট ১৬ জন প্রার্থী।
এ ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালও এই আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন। হত্যা মামলাসহ বিভিন্ন কারণে বিতর্কিত এ নেতা বর্তমানে এলাকায় না থেকে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :