নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ | Daily AjKaler Kontho

নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ


নোয়াখালী জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ

নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা দাবি করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে বসুরহাট বাজারের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নং-৫৮(৯)) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলাসহ মোট ৩০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মোহাম্মদ ফখরুল ইসলামকে ৩০০ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মো. আলমগীর সেখ নামের এক ব্যক্তি গুলিতে নিহত হন।

এছাড়া আদালত সূত্র জানায়, চলতি বছরের ৩ আগস্ট দায়ের করা সিআর মামলা নং-৯৩৫/২৫ আদালতের নির্দেশে এফআইআর হিসেবে গ্রহণ করা হয়। এ মামলাকে কেন্দ্র করেই কোম্পানীগঞ্জে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম বলেন,ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার কারণেই ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় নোয়াখালী-৫ আসনের নেতাকর্মীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন,আজ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। আগামী দিনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, একরামুল হক মিলন মেম্বার, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য আবু তোয়াহা,কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক সগীর,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা অবিলম্বে ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আজকালের কন্ঠ/ আর এস/এস