
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক চারবারের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী বলেছেন, গোমতী নদীর দুই পাড়কে ভাগ করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। নির্বাচন আসলে নদীর এপাড়–ওপাড়ের ভোটারদের বিভক্ত করে ফায়দা লুটার চেষ্টা অনেকেই করে থাকে, কিন্তু অতীতে যেমন ব্যর্থ হয়েছে, বর্তমানেও তা ব্যর্থ হবে।
তিনি বলেন, গোমতী নদীকে কেন্দ্র করে দেবিদ্বারের মানুষকে দুই ভাগ করার সুযোগ তিনি কখনও দেননি। নদীর মাত্র ১০ কিলোমিটার এলাকাজুড়ে ৪টি সেতু নির্মাণের ফলে দেবিদ্বারের মানুষ আজও ঐক্যবদ্ধ—যা দেশের অন্য কোনো উপজেলায় নেই।
বিকেলে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মুন্সী অভিযোগ করে বলেন, “আরেকটি দল জান্নাতের টিকিট বিক্রির মতো বক্তব্য দিয়ে ধানের শীষের বিজয় ঠেকাতে চাচ্ছে। এই ধরনের প্রচারণায় মানুষকে বিভ্রান্ত করা যাবে না।”
তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯৯১ সালে দেবিদ্বারের মানুষ ধানের শীষকে ভালোবেসে ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদকে পরাজিত করেছিলেন। এরপর থেকেই উন্নয়নের মাধ্যমে দেবিদ্বারকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করা হয়েছে। নিজের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে অতীতের মতো এবারও জনগণের সমর্থন কামনা করেন তিনি। “আমি যখন যে কথা দিয়েছি, সেই কথাই রেখেছি,” —যোগ করেন তিনি।
এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা করেন। বর্তমানে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মুন্সীর ছেলে ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী, উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন পাঠান ভুলু, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম,মোঃ বিল্লাল হোসেন বিল্লু, মোঃ জহির,মোঃ বাছির প্রমুখ।
এ ছাড়া বক্তব্য রাখেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আউয়াল মুন্সী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূইয়া, রসুলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম সরকার ও ছাত্রদল নেতা মো. শাহীন আলম এবং সারোয়ার সরকার।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :