
নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান।
এই অনশন কর্মসূচিতে এবার সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বৃহস্পতিবার আমজনতা দলের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্থলে উপস্থিত হন।
বৃহস্পতিবার (৬নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রিজভী আমজনতা দলের নিবন্ধন দাবিতে অনশনরত মো. তারেক রহমানের পাশে অবস্থান করছেন এবং তাকে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাচ্ছেন।
এসময় বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘তারেকের আমজনতার দল নিবন্ধিত হয়নি। আমি দেখিছি কিছু গুরুত্বহীন দলও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দলকে নিবন্ধন দেওয়া হলো না কেন আমি বুঝতে পারলাম না। তারেক এই দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছন; দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির নিবন্ধনের জন্য আবেদন করেছেন। সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি। সে আইনসম্মতভাবে রাজনীতি করতে চেয়েছে।সে স্বাধীনতার পক্ষে কাজ করেছে।আজকে তার দলের নিবন্ধন দেবেন না, তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন?’
তারেকের প্রতি সংহতি জানিয়ে রিজভী বলেন, ‘তারেক যে রাজনৈতিক দল গঠন করেছে তার নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এই ন্যায়সঙ্গত কারণে সে যে অনশন কর্মসূচি পালন করছেন, তার প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :