
জাকির হোসেন, জুয়েল (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফেয়ার হসপিটাল অ্যান্ড সিটি এমআরআই সেন্টারের সামনে লাশ রেখে স্বজন ও এলাকাবাসী অবরোধ করেন।
জানা যায়, ওই হাসপাতালে পিত্তথলির পাথরের অপারেশন করতে গিয়ে চিকিৎসকের অবহেলায় রোগীর লিভার কেটে যায়। পরে অবস্থার অবনতি হলে তিনি মারা যান। নিহত নারী দুই সন্তানের জননী। তার স্বামী সোহেল রায়পুর উপজেলার হানিফ সরদার বাড়ির বাসিন্দা।
স্বজনদের অভিযোগ, ভর্তি নেওয়ার পর চিকিৎসকরা অবহেলা করেন এবং সঠিক চিকিৎসা না দেওয়ায় রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বজন ও স্থানীয়রা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এতে প্রধান সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্বজনদের সঙ্গে কথা বলে।
অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি/জে
আপনার মতামত লিখুন :