দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনগণের মাঝে চিকিৎসা ও ঔষধ সামগ্রী দিয়েছে ৫৭ বিজিবি | Daily AjKaler Kontho

দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনগণের মাঝে চিকিৎসা ও ঔষধ সামগ্রী দিয়েছে ৫৭ বিজিবি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনগণের মাঝে চিকিৎসা ও ঔষধ সামগ্রী দিয়েছে ৫৭ বিজিবি

মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

২৪ আগস্ট ২০২৫ তারিখে ব্যাটালিয়নের সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর সার্বিক দিক-নির্দেশনায় এই মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়। ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম, এএমসি, প্রায় ২২০ জনেরও বেশি পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন ৫৭বিজিবি”র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি “অপারেশন উত্তরণ”এর আওতায় স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বিজিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই মেডিকেল ক্যাম্পেইনের পাশাপাশি একজন গুরুতর অসুস্থ ব্যক্তি এবং একটি হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। এবং ভবিষ্যতেও এধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

ক্যাম্পেইন চলাকালে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র দপ্তরে, স্টাফ অফিসার, এবং বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এই মানবিক কার্যক্রমটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি