
মোংলা প্রতিনিধি : মোংলায় বিএনপি ও যুবদলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রভাবে দায়ের হওয়া মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
বুধবার (২১ মে) মোংলা প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০ মে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা রাজনৈতিক প্রতিহিংসার অংশ।
তিনি বলেন, ১ মে শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি-সমর্থিত শ্রমিকদল একটি শান্তিপূর্ণ সভার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে ২১ এপ্রিল এনসিপির পক্ষ থেকে একই স্থানে পাল্টা সভার ঘোষণা দেওয়া হয়, যা পূর্বপরিকল্পিত উত্তেজনার কৌশল হিসেবে দেখা হচ্ছে।
২৮ এপ্রিল উভয় পক্ষের মধ্যে স্টেজ নির্মাণ নিয়ে সামান্য উত্তেজনা হলে পরদিন প্রশাসন সভা বাতিলের সিদ্ধান্ত দেয়। কিন্তু পরে ২০ মে দায়ের হয় মামলা, যাতে পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী, যুবদল নেতা মো. আলাউদ্দিনসহ ২১ নেতাকর্মীর নাম রয়েছে।
এই মামলার বাদী হিসেবে উল্লেখ করা হয় মো. তিতুমীর চোকদার নামের এক ব্যক্তিকে, যিনি নিজেকে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের আহ্বায়ক বলে দাবি করেন। তবে এ দাবিকে চ্যালেঞ্জ করেছে খুলনার বিভাগীয় শ্রম দপ্তর।
দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২৯ এপ্রিল সংগঠনের মাঠে যে সভার ঘোষণা ছিল, সেখানে কোনো সভা হয়নি। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ পর্যন্ত শ্রম দপ্তরের তত্ত্বাবধায়ক কর্মকর্তারা সেখানে অবস্থান করলেও কোনো ব্যানার, মঞ্চ কিংবা সভার অংশগ্রহণকারীদের দেখা মেলেনি। এমনকি আহ্বায়ক দাবি করা তিতুমীর চোকদার নিজেও সেখানে উপস্থিত ছিলেন না এবং তার অনুপস্থিতির কোনো ব্যাখ্যা দেননি।
পরবর্তীতে শ্রম দপ্তরের তদন্তে দেখা যায়, তিতুমীর চোকদার শ্রমিক সংগঠনের বৈধ সদস্য নন এবং তার শ্রমিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই প্রতিবেদন স্বাক্ষর করেন সহকারী পরিচালক অসীম কুমার বিশ্বাস ও উপপরিচালক এস এম ফারুক আহমেদ।
বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, একজন অপ্রমাণিত ব্যক্তি ও ভুয়া পরিচয়ে দায়ের করা মামলার মাধ্যমে রাজনৈতিক হয়রানি চালানো হচ্ছে।মাহবুবুর রহমান মানিক বলেন, “বিএনপি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী, কিন্তু ষড়যন্ত্র হলে আমরা তা প্রতিহত করব।” সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রশাসনের প্রতি ন্যায়ের পথে চলার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :