আয়মান-মুনজেরিনের হাসি, উৎসবের কেবল তো শুরু! | Daily AjKaler Kontho

আয়মান-মুনজেরিনের হাসি, উৎসবের কেবল তো শুরু!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৯:২৯ অপরাহ্ন
আয়মান-মুনজেরিনের হাসি, উৎসবের কেবল তো শুরু!

আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। তাদেরকে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দম্পতি বলা হলেও ভুল কিছু ভাবা হবে না। দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক পরিচিত। একজন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও। অন্যজন একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক।

দীর্ঘদিনের প্রেমের পর গত শুক্রবার বিয়ে করেছেন জনপ্রিয় এই জুটি। বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন দু’জনে। আয়মানকে নিজের জীবনের ‘তারকা’ বলে উল্লেখ করেছেন মুনজেরিন। একইভাবে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন আয়মান নিজেও।

শনিবার এই দম্পতি তাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে আরও দুইটি ছবি প্রকাশ করেছেন। রঙিন পোশাক, চোখে চশমায় আয়মান লিখেছেন, এই হাসি, রং, উৎসবের কেবল তো শুরু! অন্যদিকে মুনজেরিন লিখেছেন, ‘তুমি আমার প্রয়োজনীয় সব রঙ’।

এই দুই তারকার ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। দুজনকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করতে দেখা গেছে সকলকে। একই সঙ্গে আয়মান-মুনজেরিনের দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করেছেন শুভাকাঙ্খীরা।

যদিও বিয়ের খবর শুরু থেকেই অনেকটা গোপন রাখতে চেয়েছিলেন এই তারকা জুটি। কয়েকদিন আগেই তাদের বিয়ের একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও আয়মান-মুনজেরিন নিশ্চুপই ছিলেন পুরো সময়জুড়ে।

তবে শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে সেই খবর শেয়ার করে নিয়েছেন এই নবদম্পতি। এরপর থেকেই নানা শুভেচ্ছাবার্তায় ভাসছেন দুজনে।