
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবী করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে লোহাগড়ার কুন্দসী চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘন্টা ব্যাপি সড়ক অবরোধে সড়কের দুপাশের সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুব্ধ নেতা কর্মীরা ঐ মহাসড়কের উপর সমাবেশ করেন।
লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. সাচ্চু মিয়ার সভাপতিত্বে ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু হায়াত সাবু, আনিসুর রহমান কামাল লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এস. এম শাহিন বিপ্লব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুন, নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খান মাহমুদ, বিএনপি নেতা মো. ইউসুফ আলী, মো. রিপন, ইমরুল হাসানসহ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, বিগত ২০২৪ সালের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যে সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল, তাদেরকে সদ্য ঘোষিত কমিটিতে রাখা হয় নাই। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের জোর দাবী জানাচ্ছি। বর্তমান নেতৃবৃন্দের রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং টাকার বিনিময়ে সদ্য ঘোষিত কমিটিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঠাঁই দেওয়া হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বর্তমান নেতৃবৃন্দ কোন মূল্যায়নই করেন নাই। আমরা এই ঘটনায় বিস্মিত হয়েছি এবং অবিলম্বে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।
এসব অভিযোগের বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, ‘সাংগঠনিক নিয়ম কানুন মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্নাঙ্গ কমিটি গঠন করার আগে যারা কাউন্সিলে নির্বাচন করেছিলেন তাদের সাথে মতবিনিময় করেছি এবং দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হয়েছে। আমরা সবাইকে নিয়েই লোহাগড়া উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে চাই।
আপনার মতামত লিখুন :