রাণীনগরে পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন | Daily AjKaler Kontho

রাণীনগরে পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
রাণীনগরে পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন

রানীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী, ও মৎস্য অভয়াশ্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার (২৮জানুয়ারি) বিকেল ৪.১৫ মিনিটে দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পর্যটন কেন্দ্র ঘিরে একদিকে যেমন দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটবে, অন্য দিকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই এলাকায় অর্থনীতির নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।

রাণীনগর উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিল থেকে রতনডারা নামক খাল বের হয়ে বিলের দক্ষিন অংশে রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতিরপুল দিয়ে আত্রাই নদীতে মিলিত হয়েছে। এই রক্তদহ বিলে এবং খালে বছরের বেশিরভাগ সময় জুড়েই পানি থাকে। ফলে শীতের মৌসুমে অতিথি পাখিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। এছাড়া বছর জুড়ে এই বিলে মাছ থাকে। কিন্তু সচেতনতার অভাবে এবং নজরদারি না থাকায় এবং শিকারীদের কারনে পাখি ও মাছ কোনটায় টিকতে পারেনা।

এছাড়া বর্ষা মৌসুমে ঐতিহ্যবাহি হাতিরপুলকে কেন্দ্র করে এবং রক্তদহ বিল দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থী নৌকা ভ্রমনে আসেন এই এলাকায়। দর্শনার্থীদের বিনোদনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন এর উদ্যোগে এই বিলকে পাখি পল্লী ও পর্যটন কেন্দ্র এবং মাছের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করা হয়েছিলো।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমীন রুমকিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।