হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করল ট্রাম্প প্রশাসন | Daily AjKaler Kontho

হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করল ট্রাম্প প্রশাসন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, ‘শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুথিরা দায়ী।’

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘হুথিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুথিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি। ’

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এছাড়া এক অভিযানে তারা একটি জাহাজ জব্দ ও ও দুটি ডুবিয়ে দেয়। এতে চারজন নাবিক নি-হত হন।